একদিনের ব্যবধানে আবারও শীর্ষ ধনী ইলন মাস্ক
গত বুধবার ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় ইলন মাস্ককে টপকে যান ফরাসি গ্রুপ এলভিএমএইচের সত্ত্বাধিকারী বানার্ড আর্নল্ট। সুদের হার ও মন্দার আশঙ্কা বাড়ার সঙ্গে মার্কিন প্রযুক্তির শেয়ার দর পড়ে যাওয়ায় আর্নল্ট পরিবারের কাছে অল্প ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন টেসলার মালিক মাস্ক। তবে একদিন পরই মাস্ক তার অবস্থানে পুনরায় ফিরে আসেন।
অবস্থান পুনরুদ্ধারের পর মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৮৪ দশমিক ৯ বিলিয়ন ডলার। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা বানার্ড আর্নল্ট ও তার পরিবারের পরিমাণ দাঁড়ায় ১৮৪ দশমিক ৭ বিলিয়ন ডলার।
এ ছাড়া তৃতীয় অবস্থানে থাকা ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির সম্পদের পরিমাণ ১৩৪ দশমিক ৮ বিলিয়ন ও চতুর্থ অবস্থানে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদের পরিমাণ ১১১ দশমিক ৩ বিলিয়ন দাঁড়িয়েছে।
বানার্ড আর্নল্ট ২০২১ সালে কিছু সময়ের জন্য ফোর্বসের তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন। তার এলভিএমএইচ গ্রুপের বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে। এরমধ্যে লুই ভিতোঁ, গিভেঞ্চি ও কেনজো অন্যতম। সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও শক্তিশালী রাজস্ব ও মুনাফা বৃদ্ধি অব্যাহত রয়েছে এলভিএমএইচের।
টেসলার শেয়ার দরের সঙ্গে মাস্কের ভাগ্য ঝুলছে এবং গেল অক্টোবরে টুইটারের কর্তৃত্ব নিয়ে বিতর্কে পড়েন তিনি। মহাকাশ প্রযুক্তি ও গবেষণা কোম্পানি স্পেসএক্সেরও মালিক তিনি।
এদিকে ব্লুমবার্গের করা একটি র্যাংকিংয়ে মাস্ক ও বানার্ড আর্নল্ট খুব কাছাকাছি অবস্থানে ছিলেন। গত মঙ্গলবার মার্কিন বাণিজ্য বন্ধ থাকায় মাস্কের সম্পদ ১৭৮ দশমিক ৯ বিলিয়ন ডলার ও আর্নল্টের সম্পদ ১৬৫ দশমিক ১ বিলিয়ন ডলার দাঁড়িয়েছিল।
ডিবিটেক/বিএমটি